বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ‘এড. শাহজাহান বিশ্বাস’ ১৯৩৫ সালে ১ অক্টোবর তৎকালীন অবিভক্ত ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার রাজপুতঘুরি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফাইজুদ্দিন আহমদ বিশ্বাস এবং মাতা মীরাতুন নেসা। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি পিতা-মাতার জেষ্ঠ্য সন্তান। ৩ কন্যার জনক, তাঁর স্ত্রী হলেন উমারাতুন নেসা।
১৯৪৭ দেশভাগ পরবর্তী সময়ে তাঁর পিতা ফাইজুদ্দিন আহমদ বিশ্বাস মুর্শিদাবাদ জেলা থেকে তৎকালীন মালদহ জেলার নবাবগঞ্জ মহকুমা (পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা) শহরের পুরাতন বাজার এলাকায় পরিবারসহ স্থায়ীভাবে চলে আসেন। শাহজাহান বিশ্বাস মুর্শিদাবাদের জঙ্গিপুর হাই স্কুলে কিছুদিন পড়েছেন, তবে ১৯৪২ সালে ম্যাট্রিকুলেশন দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৫৪ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৫৭ সালে বি.এ পাস করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন।
বিশিষ্ট আইনজীবী এ.এস.এম ইহতেশামূলক ওরফে তাশেম উকিলের জুনিয়র হিসেবে, ১৯৬২ সালে নবাবগঞ্জ কোর্টে ওকালতী জীবন শুরু করেন। ‘এড. শাহজাহান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন মেয়াদে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি (১১ বার) এবং সাধারণ সম্পাদক (২ বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৬০ বছরের ওকালতী জীবনে বহু গুরত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন। আইনজীবী সমিতির ভবন, অবকাঠামোগত উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসার সভাপতি, সেন্ট্রাল জামে মসজিদ, খালঘাট গোরস্থান ও খালঘাট ঈদগাহে সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেবামূলক এসমস্ত কাজে তিনি দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছেন। {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন}